হেফাজত সবুজ ও শুভ্র মিশু ॥
পার্বত্য জেলা রাঙামাটির ৩উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও শেষ বিকালে রাইখালি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনে অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনের ভোট গ্রহণের শেষ বেলায় রাইখালি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ প্রার্থী থোয়াই চা প্রু চৌধুরী নির্বাচনের আগের রাতে কয়েকটি ওয়ার্ডে ভোট গ্রহণে অভিযোগ এনে ওয়ার্ডগুলোতে নির্বাচন স্থগিত করা দাবি জানিয়েছেন।
তিনি জানান, এখানে একটি অজ্ঞাত বাহিনী কাজ করছে, ভালুকিয়াতে কালামাইস্যা ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শুনেছি সেখানে আগের রাতেই নাকি ভোট হয়ে গিয়েছে, পরবর্তীতে ভ্যালুকিয়াতে সেখানে গিয়ে দেখি সেখানে ভোটার টোটালি নেই। সেখানে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানোয় তারাও পালিয়ে গিয়েছে। তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগে রাইখালি ইউনিয়নের ১,৪,৭,৮ ও ৯নং ওয়ার্ডে ভোট গ্রহণ অবৈধ ঘোষণা করে সেসব ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
কাপ্তাই ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, সুষ্ঠু সুন্দর ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে একেবারেই শেষ সময়ে রাইখালি ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছি। আমরা সেটা খতিয়ে দেখছি, সেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায়, নির্বাচন কর্মকর্তারা ফিরে আসলেই বিষয়টা সম্পর্কে জানতে পারবো।
কাপ্তাইয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানিয়েছেন, রাঙামাটিতে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে থানা পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ৭১৫ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন, এখানে নির্বাচন পরিচালনা করা খুবই কষ্টকর। এই ধাপের নির্বাচনে ৮টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখেই আমরা খুবই আনন্দিত। সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব ইউনিয়নে।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য তিন উপজেলায় ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় ৩ প্লাটুন করে ৯ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। তিন উপজেলায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০জন, সাধারণ সদস্য পদে ২৩২ এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
