কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার আয়োজনে পৃথকভাবে পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই থানার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর পর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, উপজলো নির্বাহী অফিসার মুুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য প্রার্থী নুর বেগম মিতা, বাদল মার্মা, মুজিবুর।
আলোচনায় প্রার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ও আগামি ১১নভেম্বর ইউপি সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। এসময় উপজেলা আইনশৃঙ্খলা কাজে বিশেষ অবদানের জন্য সেরা অফিসার এএসআই আজাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল।
অপরদিকে চন্দ্রঘোনা থানার আয়োজনে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) টিপিং মারমা।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চন্দ্রঘোনা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. এনামুল হক, কমিউনিটি পুলিশিশের সাধারণ সম্পাদক ইউসুফ কারবারি, রাইখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অজয় সেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও রাইখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ। সভায় চলতি বছরের নির্বাচিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই আজিজুর রহমান ও এএসআই পদু মত্তুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
সভা শেষে থানার পক্ষ থেকে আগত অতিথিদের জন্য চা চক্রের আয়োজন করা হয়।
