ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদুতেও থানা পুলিশের উদ্যোগে উপজেলার মাইনীমুখ ইউনিয়নসহ সাতটি ইউনিয়নে একযোগে বিট পুলিশিংয়ের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাইনীমুখ ইউপি কার্যালয়ে সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এদেশের মানুষ সম্প্রীতি রক্ষা করে চলেছে। এখানে কোন ধর্মেই অন্যের ধর্মকে খাটো দেখার কথা বলা হয়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনও ছাড় দেয়া হবে। কেউ গুজবে কান দেবেন না। গুজবের কারণে আমাদের বিভিন্ন এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে।
এতে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম, মাইনীমুখ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সাদুর রশীদ, লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আমিনুর রশীদ, মাইনীমুখ হরি মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দত্ত, উপদেষ্টা ঝন্টু কুমার বসাক, মাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশীদ, মাইনীমুখ ইউপি মহিলা সদস্য ফাতেমা জিন্নাসহ বিভিন্ন ইউপি সদস্য ও বিট পুলিশিং সদস্যগণ উপসিস্থত ছিলেন।
