নিজস্ব প্রতিবেদক ॥
সম্মিলিত সাংস্কৃতিক জোট’র ডাকে সারাদেশের সাথে একযোগে রাঙামাটিতেও সম্প্রীতি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতি থিয়েটারের সভাপতি মনি পাহাড়ির সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন গতি থিয়েটারের সাধারণ সম্পাদক ও নাট্যকার আশিক সুমন, রাঙাবি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান। এছাড়া মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।
মানববন্ধন থেকে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের প্রতিবাদ জানানো হয়। একই সাথে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানানো হয়। এসময় বক্তারা স্বপ্নের সম্প্রীতির এক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
