খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে দরিদ্র ও বিধবা ১শ’ নারীর মাঝে অনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় প্রধান অতিথি বলেন, নারী-পুরুষের সমন্বয়ে উন্নয়ন যাত্রায় বিপ্লব ঘটবে। তাই পিঁছিয়ে পরা নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সাবলম্বী করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। নারীরা শুধু ঘরে নয়, দেশের প্রতিটি ক্ষেত্রে সমহারে নারীদের অংশ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভুঞা। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, সদস্য মংক্যচিং চৌধুরী, সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, শুভমঙ্গল চাকমা, শতরূপ চাকমা, শাহিনা আক্তার, মেমং মারমা, নিলোৎপল খীসা, খোকনেশ^র ত্রিপুরা, মাঈন উদ্দিন অংশ নেন।
এসময় আনুষ্ঠানিকভাবে ১০০ সেলাই মেশিন দুস্থ, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিতরণ করা হলেও নয় উপজেলায় ২ শতাধিকের সেলাই মেশিন বিতরণের কথা রয়েছে বলে জানানো হয়েছে।
