বান্দরবান জেলার সাবেক ফুটবল খেলোয়াড়, কোচ ও ফুটবল রেফারি মরহুম ইকবাল করিম ভূইয়ার স্মৃতি রক্ষার্থে এবং শিশু কিশোর ও যুবকদের ক্রীড়ামূখী করার লক্ষ্যে ১ম বারের মত বান্দরবানের রাজার মাঠে অনুষ্ঠিত হলো ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেলে টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান বনাম জাদি তং যুব সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা আর দর্শকদের কানায় কানায় উপস্থিতিতে জমজমাট হয়ে পড়ে পুরো রাজার মাঠ। খেলায় জাদি তং যুব সংঘকে ৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি জিতে নেয় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান। পুরো খেলায় একক আধিপত্য বিস্তার করে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান আর প্রতিটি খেলোয়াড়ের ক্রীড়া নৈপূণ্য ও প্রতিটি গোলই উপভোগ করে দর্শকেরা।
ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক অসীম বড়–য়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আশুতোষ কুমার দের উপস্থিতিতে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসলাম কোম্পানী।
খেলা শেষে প্রধান অতিথি প্রশাসক দিলীপ কুমার বণিক তার বক্তব্যে বলেন, ক্রীড়ার জন্য সবাইকে আগ্রহী হতে হবে। যুব সমাজকে রক্ষা করে সঠিক পথ নির্দেশনায় ক্রীড়া কোন বিকল্প নেই। এসময় তিনি জেলায় খেলাধুলা অব্যাহত রাখার জন্য সকল ক্রীড়াবিদকে ক্রীড়ার প্রতি আরো মনোযোগি হওয়ার জন্য আহবান জানান।
এবারের ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জেলার মোট ১২টি দল অংশ নিয়েছে আর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে খেলার সফল সমাপ্তি ঘটেছে ।