নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের ধারাবাহিক অভিযানে পাঁচ দিনের ব্যবধানে ফের ৪ কোটি ৫ লাখ টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রোহিঙ্গা যুবক উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৈদ্যছড়া এলাকার আব্দু রশিদের পুত্র আনোয়ার হোসেন (২২)। তার পিতা এলাকায় পুরাতন রোহিঙ্গা হিসেবে পরিচিত।
বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তি সোনাইছড়ির বৈদ্যছড়ার পুরাতন রোহিঙ্গা নাগরিক বলে এলাকাবাসী থেকে নিশ্চিত হয়েছি। সে গোপনে কৌশল অবলম্বন করে ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করে নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি এসআই অরুণ কুমার চাকমা।
