নিজস্ব প্রতিবেদক ॥
লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে ইউনিয়ন-মাল্টি স্টেকহোল্ডার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
লীন প্রকল্পের জেলা ট্রেইনিং অফিসার ডায়না চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা কর্মকর্তা রাজীব দাস গুপ্ত। প্রকল্প বিষয়ে ব্রিফ করেন জেলা টেকনিক্যাল অফিসার ওবায়দুর রশিদ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক সবির কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয় নন্দ চাকমাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ষ্টেকহোল্ডারগণ।
কর্মশালা উদ্বোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম ত্বরাম্বিত করার লক্ষে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রকল্পের কার্যক্রম এবং সচেতনতা মূলক বার্তাগুলি সহজ ভাষায় উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। প্রকল্পের তদারকি, অগ্রগতি বিষয়ে উপজেলা ও ইউনিয়ন কমিটিকে মাসিক সভায় অবহিত করতে হবে। তৃণমূল পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য এবং সরকারের গৃহীত পুষ্টি বিষয়ক সিদ্ধান্তগুলি উপকারভোগীদের মাঝে পৌছে দিতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় মা ও শিশুদের পুষ্টির ঘাটতি রয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকা অপরিহার্য। তাই তিনি এনজিওগুলোকে শহরকেন্দ্রিক প্রকল্প হাতে না নিয়ে দরিদ্র জনগোষ্ঠির জন্য প্রত্যন্ত এলাকায় প্রকল্প বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানান। বিশেষ করে তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে প্রকল্পের কার্যক্রম প্রণয়ন এবং চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি, ইউপি সদস্যদের সাথে পরামর্শ নিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করার পরামর্শ রাখেন।
