খাগড়াছড়ি প্রতিনিধি ॥
প্রায় সাত ঘন্টার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গী, মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় সকাল থেকে বিভিন্ন এলাকার বিশেষত নদী তীরবর্তী মানুষ পানিবন্দি হয়ে পরেছেন। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
এদিকে ঘরে পানিবন্দি অবস্থায় আটকে যাওয়া অনেকে সাঁতার কিংবা নৌকায় করে অন্যত্র আসতে পারলেও অনেকে আসতে পারেননি। তেমনি শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় নদী তীরবর্তী একটি পরিবার ঘরে বন্যার পানিতে আটকে যায়। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন জোহরা বেগম(৭০), নাজমা বেগম(৩২) এবং রিয়া আক্তার(৩২)।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়–য়া বলেন, জরুরি সেবা নাম্বার থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। তারপর ঘরে পানিবন্দি অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে আসি। মূলত বনার পানি কমে যাবে, এই আশায় তারা ঘর থেকে বের হননি।
