কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার পাড়া এলাকার মৃত রেবতী রঞ্জন দাশের বসতবাড়ির পাশে ২০ শতাংশ ভূমিতে ফলদ, বনজ ও ফুলের গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এই অভিযোগে গত ২২ আগস্ট খোকন দাশ কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরির বাদি খোকন দাশ জানান, আমি এবং আমার অন্যান্য ভাইরা চাকরি কারণে বিভিন্ন সময় ঢাকায় থাকি। আমার বাবার নামে কেপিএম তালুকদার পাড়ায় তফসিলভূক্ত ২০ শতাংশ ভূমি রয়েছে। ওয়াগ্গা মৌজার যার দাগ নং – ২৯৬৬। কিন্তু গত ১৮ আগস্ট সকাল ৬.৩০ হতে ৭ টার মধ্যে একই এলাকার রাশেদুল হক(৩৫) আমাদের ভূমিতে থাকা ঘেরা- বেড়ার মধ্যে থাকা ফলদ, বনজ ও ফুলের গাছ কেটে ফেলে। বিষয়টি নিয়ে আমার পরিবার উদ্বিগ্ন। তাই আমি বাদী হয়ে কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি করি।
এই বিষয়ে জানতে চাওয়া হলে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, এই বিষয়ে তাদের পরিবারের পক্ষ হতে কেউ আমাকে অভিযোগ করেন নাই। এরপরেও আমি গ্রাম পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করবো।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. আকতার হোসেন জানান, গত ২২ আগস্ট খোকন দাশ বিষয়টি নিয়ে কাপ্তাই থানায় জিডি করেন। আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে অভিযুক্ত রাশেদুল হক এই প্রতিবেদককে জানান, আমি কোন গাছ কাটি নাই। এইছাড়া গত ১৮ আগস্ট আমি চট্টগ্রামে ছিলাম।
