নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের রুমায় কিশোরী এবং রোয়াংছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২টি মামলা করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার রুমা বাজারস্থ সদরঘাট এলাকায় গত সোমবার ত্রিপুরা জনগোষ্ঠীর চার বছরের এক মেয়ে শিশু বাড়ির পাশে খেলা করছিল। এসময় খাবারের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন পার্শ্ববর্তী বাড়ির নুরুল ইসলাম নামের এক ব্যক্তি। এ ঘটনায় বুধবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুমা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাকিব উদ্দিন বলেন, ধর্ষণ মামলার পর অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আর নির্যাতিত শিশুটির চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে গত রোববার রোয়াংছড়ি উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ব্র্যাকের রোয়াংছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার চাকমা ধর্ষণ করেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত প্রদীপ চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থল থেকে। ধর্ষিত কিশোরীর বাবার অভিযোগ, রোয়াংছড়ি উপজেলা সদরে তাঁর মেয়ে এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করত। আত্মীয়ের সেই বাড়িটি পাহাড়ের দুর্গম এলাকায়। ঐ বাড়ির একাংশে এনজিও সংস্থা ব্র্যাক রোয়াংছড়ি উপজেলা কার্যালয়। গত রোরবার পাহাড়ের বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। এই ফাঁকে ব্র্যাকের ব্যবস্থাপক প্রদীপ কুমার চাকমা বাড়িতে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় বুধবার রাতে রোয়াংছড়ি থানায় কিশোরীর বাবা ধর্ষণ মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, অভিযুক্ত ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক প্রদীপ কুমার চাকমা পলাতক রয়েছে। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
