বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহনের পর বাঘাইছড়ি উপজেলাতেই তার প্রথম সফর। মঙ্গলবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় খেদারমারা ভাবনাকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এদিন সকালে দুরছড়ি বাজারে পৌঁছালে উপজেলা আওয়ামীলীগ, খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে দুরছড়ি বাজার থেকে সড়ক পথে খেদারমারা ভাবনাকেন্দ্র পরিদর্শনে যান নিখিল কুমার চাকমা।
এসময় ভাবনাকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যগণ আবারো তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভাবনাকেন্দ্রের ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভান্তের দিকনির্দেশনামূলক আলোচনা সভায় যোগদান করেন। আলোচনা সভায় ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের অনুরোধে দুরছড়ি বাজার থেকে ভাবনাকেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক তৈরি ও দুরছড়ি বাজারের প্রবেশ পথে জরাজীর্ণ সেতুটি নতুনভাবে তৈরির প্রতিশ্রুতি দেন বোর্ড চেয়ারম্যান।
এদিকে দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারে স্থানীয় নেতাকর্মী এবং দুরছড়ি বাজার পরিচালনা কমিটি ও ব্যাবসায়ী নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এতে পৌর মেয়র জাফর আলী খান, থানার ওসি আনোয়ার হোসেন খান, প্রেসক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগ সভাপতি জমির হোসেন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন। পরে আমতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু পরিদর্শনসহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে নৌপথে লংগদু উপজেলার উদ্দেশে রওনা করেন নিখিল কুমার চাকমা।
