লংগদু প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, মহিলা ভাইসচেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মাইনুল আবেদীন বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে নয়, একজন দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আজ এই মহিয়সী নারীর জন্মদিনে তার জীবন সংগ্রামের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরে অনুষ্ঠান শেষে ৬ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন এবং তিন জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। সেলাই মেশিন প্রাপ্তরা হলেন উপজেলা সদর ইউনিয়নের বাইট্টাপাড়া গ্রামের রহিমা খাতুন ও ফাতেমা বেগম। তিনটিলা গ্রামের নিভানিতা চাকমা ও রুপালী বেগম। মাইনীমূখ ইউনিয়নের সোনাই কার্বারীপাড়া গ্রামের বর্ষা চাকমা ও হেডম্যানপাড়া গ্রামের মেনসী চাকমা। এছাড়াও দুই হাজার টাকা করে নগদ অর্থ পেয়েছেন মাইনীমূখ ইউনিয়নের মালাদ্বীপ গ্রামের ফরিদা বেগম, পশ্চিম কালাবগী গ্রামের শাহানারা বেগম। এবং লংগদু সদর ইউনিয়নের তিনটিলা গ্রামের সুদীপ্তা চাকমা।
