পার্বত্য পর্যটন শহর রাঙামাটিতে সোমবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮২ জন। এদের মধ্যে ৪১ জনই কাপ্তাই উপজেলার। রাঙামাটি শহরে আক্রান্ত হয়েছেন ২৮ জন।
এছাড়া কাউখালীতে ৭ জন, বিলাইছড়িতে ২ জন, লংগদুতে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানাচ্ছে জেলা সিভিল সার্জন অফিস।
সোমবার পর্যন্ত রাঙামাটি জেলায় ২ হাজার ৯৯৬ জন নাগরিক করোনায় আক্রান্ত হলেন। যাদের মধ্যে মারা গেছেন ২৬ জন।
জেলায় সামগ্রিক শনাক্তের হার ১৭.৫২%, তবে সোমবার এই হার ছিলো ৩০.১৫%।
রবিবার সর্বশেষ কোভিড আক্রান্ত দুইজন মারা যান,যাদের একজন লংগদু এবং অন্যজন কাউখালী উপজেলার বাসিন্দা। তবে কাউখালীর ওই ব্যক্তি রাজধানী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে জেলায় সাধারন মানুষের মধ্যে টিকা প্রদানের আগ্রহ বেড়েছে,টিকা বুথগুলোতে বাড়ছে ভীড়। সোমবার রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছে ১ হাজার ৫১৭ জন, এনিয়ে মোট প্রথম ডোজ নিলেন ৫৩ হাজার ৪১৩ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ১৩৭ জন।
