কাপ্তাই প্রতিনিধি ॥
‘দেশের বায়ু, দেশের মাটি-গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটসের উদ্যোগে উপজেলার প্রধান সড়কের দুইপাশে লাগানো হলো বিভিন্ন প্রজাতির আড়াই হাজার গাছের চারা। শনিবার সকাল হতে বিকেল ২ টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসমুহের সামনে, শিলছড়ি স্কাউটস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের চারপাশে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে, নবনির্মিত স্মৃতিস্তম্ভের চারপাশে,সর্বোপরি আশ্রয়ন প্রকল্পের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চারপাশ জুড়ে লাগানো হয়েছে নানান প্রজাতির উন্নত জাতের বিভিন্ন ফলজ গাছ যেমন-আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, জলপাই, পেঁয়ারা, কাউ, বেল ও বনজ হিসেবে লাগানো হয়েছে জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, হিজল, তমাল, মেহগনিসহ নানান প্রজাতির প্রায় ২৫০০ চারা।
এইসময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক উডব্যাজার, মো. মাহবুব হাসান বাবু, কোষাধ্যক্ষ ও কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা কাব লিডার লিটন চন্দ্র দে, সহকারী কমিশনার বিপুল বড়ুয়া, স্কাউট লিডার মোঃ নুরুন্নবী,স্কাউট সাজু, হৃদয়, আরমান ও মো. শহিদুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, একশটা গাছ থেকে ৫টাও যদি বড় হয়, তাতেও পরিবেশের লাভ বৈকি ক্ষতি নাই। গাছ কখনো কারো সাথে বিট্রে করে না।
