শুভ্র মিশু
রাঙামাটিস্থ পার্বত্যচট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সোমবার বিকাল ৩ টা ২৪ মিনিটে কার্যালয়ের চেয়ারম্যান কক্ষে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রথম দিন প্রায় আধ ঘন্টা অফিসে সময় কাটিয়ে ৩ টা ৫৪ মিনিটে অফিস থেকে বের হয়ে যান তিনি। এই অফিসে আরো অন্তত দুই বছর দায়িত্ব পালন করবেন পাহাড়ী এই জেলার হেভিওয়েট এই নেতা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, পার্বত্যচট্টগ্রাম উন্নয়ন বোর্ডে যখন আসেন তখন তাকে ফুল দিয়ে বরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. আশিষ কান্তি বড়ুয়া,সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী এবং হারুন অর রশিদ।

নব নিযুক্ত চেয়ারম্যান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নিজ কক্ষে প্রবেশ করেন। এই সময় তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশল শাখা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও এই সময় শুভেচ্ছা জানাতে আসেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, মাঈন উদ্দিন সহ পুলিশের উর্ধ তন কর্মকর্তাবৃন্দ।

পরে বোর্ডের কর্ণফুলি সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সভায় যোগ দেন নবনিযুক্ত চেয়ারম্যান।

