শুভ্র মিশু
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাঙামাটি জেলা আওয়ামীলীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, আমি আজকে যে সম্মানের স্থানে গিয়েছি তা শুধু আমার সম্মান নয়, সে সম্মান জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর, আমাদের অভিভাবক দীপংকর তালুকদারের। তিনি যদি সহযোগিতা না করতেন, তাহলে আমার এই জায়গায় আসা কঠিন হতো। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেতা দীপংকর তালুকদারের উপর আস্থা রেখেই আমাকে এই দায়িত্ব দিয়েছেন।
রবিবার বিকালে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে, রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি এমন কোন কাজ করব না যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা ক্ষুন্ন হয়। আমাদের অভিভাবক দীপংকর তালুকদারের নির্দেশনা দিবেন, তার নির্দেশনা মোতাবেক আমি কাজ করে যাব। যাতে করে আমরা এক ও অভিন্ন হয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে পারি।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সৃষ্টির পর থেকে এর প্রধান দপ্তর রাঙামাটিতে হলেও, রাঙামাটির কাউকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আমরা পাই নাই। আজকে আমরা একজন রাঙামাটির সন্তানকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা সব সময় চেয়েছি জনসাধারণের বন্ধু ও মিত্র রাজনৈতিক ব্যক্তি দ্বারাই উন্নয়ন বোর্ড পরিচালিত হোক ,জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই ইচ্ছা পূরণ করেছে, সেজন্য জননেত্রীর প্রতি কৃতজ্ঞতা।’
‘নিখিলকে আমাদের আরো বড় আকারে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু করোনার কারণে তা হলো না। গত ১৩ জুন প্রধানমন্ত্রী নিখিলকে চেয়ারম্যান করার বিষয়ে নথিতে স্বাক্ষর করলেও দীর্ঘ প্রতিক্ষার প্রহরে কিছু কিছু গুঞ্জনও কানে এসেছে, তার দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে সেইসব গুঞ্জনের অবসান হলো। আমরা চাই সকলে মিলে দল আরো শক্তিশালী হোক।’
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, হাজী কামাল উদ্দিনসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
