মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মৃত দুই ভাইবোন হলো- পরাণগুলো চাকমা (৮) ও চম্পক চাকমা (৬)। তারা মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে একই গ্রামে পাশাপাশি বাড়ি দাদুর বাড়িতে দুই ভাই-বোন একসঙ্গে বেড়াতে গিয়ে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয় একজন দুই ভাই-বোনকে ডোবার ভাসতে দেখে লোকজনকে খবর দিয়ে দুই ভাইবোনকে উদ্ধার করার পর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেযারম্যান সাজাই মারমা মৃত্যুর ঘটনার নিশ্চিত করেছেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, ঘটনাটি শুনেছি, তবে ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।
