মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সেমিনার কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি’র (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলাপ্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আ. আজিজ, জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা, লকডাউন বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, কভিড আক্রান্তদের যথাযথ চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলার ১১টি হাটে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে কর্মকর্তা নিয়োগ করা,এন্ট্রি পয়েন্টে চেক পোস্ট কার্যকর করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সহায়তা ও অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
খাগড়াছড়ি জেলাপ্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘কভিড পজিটিভদের বাধ্যতামূলক আইসোলেশনে রাখতে হবে।মাটিরাঙ্গা হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো, পর্যাপ্ত পরিমানে অক্সিজেনের ব্যবস্থা গ্রহণসহ সকল ধরণের সেবার মান বাড়ানোর লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’
করোনা পরিস্থিতি পাহাড়ে ভয়ঙ্কর রুপ ধারণ করছে মন্তব্য করে জেলাপ্রশাসক বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি বিবেচনায় সরকার বিভিন্ন কর্মসূচি ও বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শীঘ্রই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত দেন- মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খাঁন প্রমুখ।এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
