নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের পৃথক অভিযানে ৩ ইয়াবাকারবারি আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮শ’ ৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার ৭শ’ টাকা।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন। ওসি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ার সামনে থেকে চালি হাতেনাতে ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়।
“এদিন বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সংলগ্ন পাকা রাস্তার ওপর একই কায়দায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হই”- যোগ করেন তিনি।
আটক আসামিরা হলো- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দুপাড়ার মোজাফফর আহম্মদের ছেলে আব্দুল রহিম (২৫), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ঘিলাতলী এলাকার খুরশেদ আলম ওরফে বাদল্লার ছেলে রবিউল হোসেন(২৫) ও রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যাজরবিল এলাকার আজিজুর রহমানের ছেলে আবুল কালাম (২৩)।
ওসি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ শুক্রবার সকালে বান্দরবান জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
