নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন পালন হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটিতেও। শুক্রবার সকাল থেকে জেলাপ্রশাসনের ৫টি মোবাইল টিম মাঠে কাজ করছে।
তবে প্রধান সড়কে মোবাইল টিমসহ আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতার কারণে মানুষের উপস্থিতি কম থাকলেও অলিগলিতে মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। সকাল থেকেই যারা ঘর থেকে বের হচ্ছেন দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যারাই অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের বাসায় ফিরিয়ে দেয়া হয়েছে। তবে অলিগলিতে ঢিলেঢালা তৎপরতার কারণে উৎসুক মানুষের উপস্থিতিও ছিল।
জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন (মিঠু) জানান, ‘অলি-গলিগুলোতে কিছু মানুষের আড্ডা আমরা লক্ষ্য করছি। আমাদের উপস্থিতি টের পেলে লোকজন পালিয়ে যায়। যারাই সরকারের নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে রাঙামাটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিন নতুন পজিটিভ ২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত কাপ্তাইয়ে ৯ জন। এছাড়া রাঙামাটি সদরে ৬ জন, বাঘাইছড়ি ৩ জন, কাউখালী ২ জন ও বিলাইছড়িতে ১ জন শনাক্ত হয়েছে।
