লংগদু প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে রাঙামাটির লংগদু উপজেলায় ৯১টি দরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর। রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার, ইউএনও মাইনুল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা জামাল উদ্দিন, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যোবায়ের হোসেন, নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবে ইলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, সাংবাদিক এখলাস মিঞা খান, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, মোস্তফা মিয়া, আবু নাছির প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার মোট ৯১টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ৪৫টি এবং দ্বিতীয় পর্যায়ে আজ (২০ জুন) আরো ৯১ টি ঘর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অত্র উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
