মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কাঠফাটা রোদের খরতাপে টিউবওয়েলও পানির উৎস হারিয়েছে। একটু সুপেয় পানির আশায় এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরেও মিলছে না এক কলসি পানি। এনিয়ে বিপাকে ইউনিয়ন ও পৌরসভার বেশ কয়েকটি গ্রাম। এর মধ্যে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাল্যাঘোনা এলাকার কয়েক পরিবার নদীর পানি গোসলসহ নানা-কাজে ব্যবহার করে। পুরো এলাকায় খাবারের পানি সংগ্রহের একমাত্র ভরসা একটি মাত্র পানির মটর। মটরটি দিনে দুইবার ছাড়া হয়, তাতে ভিড় জমায় ১৫/২০ পরিবার। এছাড়াও মারিশ্যা ইউনিয়নের ৮ নং ওয়াডের্ও একই চিত্র বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড মডেল টাউন, কাচালং বাজার ও ৭নং ওয়ার্ড জি ওয়ান ব্লকের চিত্র ভিন্ন নয়, গুটিকয়েক পরিবার ছাড়া। সুপেয় পানি অভাবের পাশাপাশি গোসল করাও আজ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জীবতলী, ছন খোলা আদাম, রাবার বাগান, কচুছড়ি, শান্তি পুর বনবিহার এলাকার শতাধিক পাহাড়ি পরিবারে চলছে এই তীব্র পানির সংকট। এর মধ্যে জেলার সাজেক ইউনিয়নের ৮০ শতাংশ মানুষই তীব্র পানি সংকটে ভূগেন।
অপরদিকে বাঘাইছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পৌরসভা সদরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি ১০ বছরেও আলোর মুখ দেখেনি। দীর্ঘ ১০ বছরেও কাজ শেষ না হওয়ায় এরই মধ্যে অনেক মূল্যবান যন্ত্রপাতি ইলেকট্রিক ট্রাসফরমার, লোহার পাইপ নষ্টা গেছে।
স্থানীয় ভুবন চাকমা বলেন, আমাদের এই খাবার পানির সমস্যা সমাধানে যদি কয়েকটি গভীর নলকূপ স্থাপন করা হয়, তাহলে ভবিষ্যতে পানির সংকট নিরসন হবে।
সাজেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, শুকনো মৌসুমে সবচেয়ে বেশি অসহায় সাজেক ইউনিয়নের জনসাধারণ। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় গভীর নলকূপ বসানো যাচ্ছে না। ঝর্না শুকিয়ে যাওয়ায় এখন একমাত্র ভরসা বৃষ্টির ওপর। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে এই পাহাড়ি মানুষগুলোর।
বাঘাইছড়ি জনসাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শুকনো মৌসুমে পানির সংকট দেখা দেওয়ার কারণ হচ্ছে পানির লেয়ার কমে যাওয়া। আমরা আগে রিংওয়েল করেছিলাম কিন্তু রিংওয়েলগুলো শুকনো মৌসুমে শুকিয়ে যায়। তাই আমরা ডিপ টিউবওয়েল স্থাপন করে যাচ্ছি এবং পাহাড়ের মানুষের শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, পানির সংকটের বিষয়ে আমরা অবগত আছি, যে সকল গ্রামে পানির তীব্র সংকট; সেখানে পানি সরবারাহের ব্যবস্থা করার জন্য কার্যক্রম চালাচ্ছি। খুব তাড়াতাড়ি বিশুদ্ধ পানির ব্যবস্থা হবে বলে আশাবাদী তিনি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম জানিয়েছেন, পানির সংকট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। তবুও পানির সংকট নিরসন করা যাচ্ছে না। পানি সংকট নিরসনে নানামুখী কাজ হাতে নিয়েছি।
