লামা প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে দীপক ধর (৩৫) নামের এক জেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দীপক ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার হরিণাবান্দা গ্রামের বাসিন্দা অরবিন্দু ধরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দীপক ধর স্ত্রীকে নিয়ে উপজেলা শহরস্থ মিন্টু দাশের বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দীপক ধরের সাথে স্ত্রীর ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে ঘরের ভীমের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয় দীপক ধর। পরে ঘরের ভিতর দীপক ধরকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
