আরমান খান, লংগদু
বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্টান্ড র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদের গন্তব্য ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে স্টান্ড র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জামাল উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়ার ভয়াবহতা অতীতের তুলনায় বর্তমানে অনেকে কমে গেছে। তবুও আমাদের সচেতন থাকতে হবে, জ্বর হলে অবশ্যই ম্যালেরিয়া পরীক্ষা করাতে হবে। পাশাপাশি নিরাপদ স্বাস্থ্যসম্মত মশারি ব্যবহার করতে হবে। সবাই সচেতন হলে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাকের যৌথ আয়োজনে আলোচনা সভায় লংগদু উপজেলার ম্যালিরিয়া বিষয়ক তথ্য তুলে ধরেন ব্রাক কর্মকর্তা মনির হোসেন। তিনি বলেন, গত তিন বছরে লংগদু উপজেলায় ব্রাক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে মোট ১৫৭ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ২০২১ সালে এখন পর্যন্ত কোনো রোগী পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা হিসেবে ২০২১ সালে ম্যালেরিয়া প্রবণ ৪টি জেলা নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং কুড়িগ্রামকে ম্যালেরিয়া মুক্ত করা। ২০২৩ সালে ম্যালেরিয়া অঞ্চল বাদে বাকি ৫১টি জেলাসমূহকে ম্যালেরিয়া মুক্ত করা। ২০২৫ সালে ম্যালেরিয়া প্রবণ ছয়টি জেলা হবিগঞ্জ, মৌলভিবাজার, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলাকে ম্যালেরিয়া মুক্ত করা। তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়া সংক্রমনের হার প্রতি হাজারে ১ এর নিচে নামিয়ে আনা। ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, ইপিআই কর্মকর্তা তথাগত চাকমাসহ স্বাস্থ্যকর্মী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
