কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দূর্গম লক্ষীধন কারবারিপাড়ায় কাঠভর্তি চাঁদের গাড়ি উল্টে তিন যুবক আহত হয়েছে। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। কাঠ ভর্তি চাঁদের গাড়ি নিয়ে তারা ভাঙ্গামূড়া হতে হরিণছড়ার দিকে যাচ্ছিলেন বলে আহতরা জানান।
দুর্ঘটনায় আহতরা হলেন, কাপ্তাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাঙ্গামূড়া তঞ্চঙ্গ্যাপাড়ায় উপাঞ্জন তঞ্চঙ্গ্যা (২৫) ও সুরেশ তঞ্চঙ্গ্যা এবং একই ইউনিয়নের হরিনছড়া ২ নং ওয়ার্ডের মং থোয়াই মারমা। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে মং থোয়াই এর মাথায় আঘাত গুরুতর বলে জানান হাসপাতালের বিশেষজ্ঞ সার্জারি চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা। তিনি জানান, তাঁর মাথায় আঘাত গুরুতর। তাঁকে আমরা পর্যবেক্ষণে রেখেছি, যদি অবস্থার অবনতি হয় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে বাকি ২ জনের আঘাত অত গুরুতর নয় বলে তিনি জানান।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদেরকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
