জিয়াউল জিয়া
দেশের করোনা সংক্রমণ রোধে সাত দিনের লকডাউনের প্রথমদিনে রাঙামাটিতে মাঠে কাজ করছে স্থানীয় জেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ও বাজারগুলো মনিটরিং করতে দেখা গেছে।
লকডাউনের মধ্যেও খাবারসহ নিত্যপণ্যের দোকান খোলা ছিল এবং কাঁচাবাজারেও মানুষের সমাগম দেখা গেছে। বাজারে লোকসমাগম থাকলেও সামাজিক দূরত্ব মানার ব্যবস্থা চোখে পড়েনি। এখনো খোলা স্থানে বসানো হয়নি কাঁচাবাজার। দূরপাল্লার যানচলাসহ সকল প্রকার গণ পরিবহণ বন্ধ ছিল।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ বলেন, প্রথম দিন হিসেবে সবাইকে সচেতন করছি। এছাড়া বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাদের বাসায় থাকার অনুরোধও করা হচ্ছে। তিনি আরও বলেন, করোনার প্রথম ঢেউ এর মতো সকলের সহযোগীতা নিয়ে দ্বিতীয় ঢেউও মোকাবেলা করতে পারবো। সেই জন্য রাঙামাটি বাসী সকলের সহযোগীতা কামনা করেন।
অন্যদিকে রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫২ জনকে করোনার নুমনা পরীক্ষা করা হলেও এর মধ্যে ৭ জনের পজেটিভ পাওয়া যায়। যারমধ্যে রাঙামাটি সদরে ৩ জন, কাপ্তাই উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ২জন। এখন পর্যন্ত আক্রান্ত রয়েছেন ১ হাজার ৩৬৪ জন যার মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭২ জন। আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ১৬জন। রাঙামাটিতে প্রথম ধাপে ৩০ হাজার ৪০০ জন টিকা গ্রহণ করেছেন।
