লংগদু প্রতিনিধি ॥
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে লংগদু উপজেলাবাসী।
বুধবার সকালে উপজেলা পরিষদ ও প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ, লংগদু সরকারী কলেজ, লংগদু প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লংগদু ইউনিয়ন পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এদিন সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রমান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, সাংবাদিক এখলাস মিঞা খান প্রমূখ।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বের কারণেই আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। জাতি শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। দেশের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক ভিডিও ডকুমেন্টরী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিন উপজেলা প্রশাসন ছাড়াও কেক কেটে ও আলোচনা সভা করে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, ইসলামিক ফাউন্ডেশন, লংগদু সরকারি উচ্চ বিদ্যলয়, ইসলামাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।
