কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক দশ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্পমেয়াদী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এবং বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালক সভাপতি মো. বখতিয়ার নূর সিদ্দিকী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপ-প্রধান বন সংরক্ষক ডক্টর তপন কুমার দে । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ ।
এসময় বন্যপ্রাণীর প্রশিক্ষণ, সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৩০ জন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বন কর্মী ও শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন বন্যপ্রাণী ও জৈববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য ও মো. ইসমাইল হোসেন।
