আরমান খান, লংগদু ॥
আইনের একটি ধারাও মানছে না ইটভাটার মালিকরা। নিষিদ্ধ ড্রাম চিমনির ব্যবহার, কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। পাহাড়, টিলা ও ফসলি জমির মাটি কেটে তৈরি করছে ইট। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমন অবৈধভাবে চলতে থাকা একটি ইটভাটাকে জরিমানা ও বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
রবিবার বিকালে রাঙামাটির লংগদু উপজেলার ভাইট্টাপাড়া এলাকার এলবিএম নামক ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় দেখা যায় ফসলি জমির পাশেই গড়ে ওঠা ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ। পাশের টিলা জমির মাটি কেটে তৈরি করা হচ্ছিল ইট। যা আইনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, ইটভাটাটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। ইটভাটা আইনের কোনো নিয়মই মানছে না তারা। আজ অভিযানের মাধ্যমে ভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ড্রাম চিমনি নামিয়ে ফেলা হয়েছে। বৈধভাবে সবকিছু ঠিক না করা পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে।
