নিজস্ব প্রতিবেদক ॥
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন রাঙামাটি শহরে চলাচলরত অনিবন্ধিত অবৈধ অটোরিকশা প্রসঙ্গে বলেন, এসব অবৈধ অটোরিকশা সিদ্ধান্ত নিতে হবে। এগুলো হয় বন্ধ করে দিতে হবে নতুবা নিবন্ধন দিতে হবে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি সদস্য সমর বিজয় চাকমার হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া সদরসহ জেলায় মাদকসেবী, ব্যবসায়ী ও পাচারকারীদের প্রতিরোধে পুলিশকে সহযোগিতার আহবান জানান পুলিশ সুপার।
সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রশাসনিক কাজে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। তিনি বলেন, সামনে বর্ষা। তার আগে সম্ভাব্য ভূমিধস বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ২০১৭ সালের এখানকার ভূমিধসের মানবিক বিপর্যয় এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। সামনে যাতে আর কোনো রকম প্রাণহানি বা জানমালের ক্ষতি না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। এ বিষয়ে পূর্ব জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জেলার প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলো আগেভাগে মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষকে নির্দেশান দিয়েছেন জেলা প্রশাসক।
সভায় সামরিক বেসামরিক কর্মকর্তা, রাঙামাটির পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
