শংকর হোড় ॥
সাজেকের সৌন্দর্যে মোহিত পর্যটক ও স্থানীয়দের কথা বিবেচনা করে সাজেকে একটি দশ বেডের হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি সম্প্রতি বাঘাইছড়িতে জনপ্রতিনিধি খুনের ঘটনায় এর পশ্চাদপদে শক্তিশালী কারো হাত রয়েছে অভিযোগ করে বলেন, তাদের ইন্ধনে সন্ত্রাসীরা একের পর এক হত্যাকান্ড ঘটানোর সাহস পাচ্ছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী নয়; সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এদেরকে দমন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সংসদ সদস্য দীপংকর তালুকদার শনিবার সকালে শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্ধ কোটি টাকায় বিদ্যালয়ের দুইতলা ভবনটির কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)।
দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে রাস্তাঘাট, স্কুল-কলেজ, প্রযুক্তি বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ করতে গিয়ে প্রতিনিয়ত প্রতিকূলতার শিকার হতে হয়। একটি পক্ষ পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড চায় না। তারা কোনও কাজ করতে দিবে না। তারা বলেন-আগে শান্তি চুক্তি বাস্তবায়ন হোক, পরে উন্নয়ন হবে। তিনি বলেন, পাহাড়ে শান্তি চুক্তির বাস্তবায়নের জন্যও তো এসব উন্নয়ন কর্মকান্ড প্রয়োজন। বিরোধিতা করে তো চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। শিক্ষা বিস্তারের মাধ্যমে পিছিয়ে থাকা পার্বত্যাঞ্চলের মানুষকে অন্ধকার জগত থেকে আলোর পথে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন।
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, পাহাড়ের জনগণের অভাব-অনটনকে পুঁজি করে একটা মহল রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। কোনও একটি এলাকাকে উন্নয়নের বাইরে রেখে সে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। পার্বত্য এলাকার উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে প্রধানমন্ত্রী অগ্রাধিকার দৃষ্টিতে দেখেন বিধায় অন্যান্য অঞ্চলের তুলনায় এই এলাকায় প্রায় দুইশ প্রাথমিক বিদ্যালয়কে অতিরিক্ত জাতীয়করণ করা হয়েছে। সরকারের এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গিই প্রমাণ করে পাহাড়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপীকা খীসা, এলজিইডি’র রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী রনি সাহা, প্যানেল মেয়র জামাল উদ্দিন, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
