করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি অনুসরন করে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করা হচ্ছে। তবে জেলায় ৫ম শ্রেণির ১৩ হাজার ৭০৪ শিক্ষার্থী নতুন বই থেকে বঞ্চিত হচ্ছে। জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন ২/১ দিনের মধ্যে বই পৌঁছে যাবে। একই সাথে এবার সাধারণ বইয়ের সাথে মাতৃভাষার বই পাচ্ছে ২৭ হাজার ৫৯১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।
শুক্রবার সকালের শহরের বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের প্রভাবে প্রতিবছরের ন্যায় এবার জাঁকজমক ভাবে বই উৎসব পালন করা হচ্ছে না। পর্যায়ক্রমে শুধুমাত্র অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। বই বিতরণেও সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে এই বই বিতরণ করা হচ্ছে। আশা করছি আগামী ৫ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে।
তিনি আরও জানান, করেনা ভাইরাসের কারনে প্রেসগুলো কাজে কিছুটা ব্যঘাত সৃষ্টি হয়েছে। তাই তারা নির্দিষ্ট সময়ে সব বই ছাপাতে পারেন নি। ৫ম শ্রেণি নতুন বই এখনো না পৌঁছালেও আশা করছি ২/১ দিনের মধ্যে বই পৌঁছে যাবে, তখন জেলায় ৫ম শ্রেণির ১৩ হাজার ৭০৪ শিক্ষার্থীর মাঝে বই তুলে দেওয়া যাবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এবছর জেলার ১০ উপজেলায় ৯৬ হাজার ১২৫ শিক্ষার্থীর বিপরীতি ৩ লক্ষ ৯৪ হাজার ২২০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। একই সাথে পার্বত্য শান্তি চুক্তির আলোকে চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৭ হাজার ৫৯১ জন শিক্ষার্থীর বিপরীতে ৬২ হাজার ৩৯১টি বই বিতরণ করা হবে।
