আরমান খান, লংগদু ॥
গভীর রাতে একপাল বন্যহাতির তান্ডবে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের দুর্গম পূর্ব চাইল্যাতলী গ্রামের ৯টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে ছুটে পালিয়েছেন গ্রামের বাসিন্দারা। প্রায় দুই ঘন্টা ধরে তান্ডব চালিয়েছে বন্যহাতির দল। ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে ক্ষুধার্ত হাতির দলটি।
স্থানীয়রা জানান, বুধবার রাত প্রায় তিনটার সময়ে বন্যহাতির একটি দল পূর্বচাইল্যাতলী গ্রামে হানা দেয়। এসময় জীবন বাঁচাতে গ্রামের বাসিন্দারা স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নেয়। প্রায় দুই ঘন্টা তান্ডব চালিয়ে গ্রামের ৯টি বসতঘর ভাঙচুর করে। তবে ৫টি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, গভীর রাতে হাতির দল গ্রামে ঢুকে বেশ কয়েকটি ঘরের ক্ষতি করেছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। তবে প্রায় সময় বন্যহাতির দল গ্রামে ঢুকে জানমালের ক্ষতি করে। এ অবস্থা থেকে মুক্তির জন্য হাতি প্রবেশের রাস্তায় ব্যারিকেড দেয়ার প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, হাতির আক্রমণে ভাসান্যাদম ইউনিয়নের একটি গ্রামে বেশ কিছু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবো।
