খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মোর্শেদা বেগম নামে (৪৫) এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার শিশু পুত্র মো. আহাদ (১১)।
ঘটনাটি শুক্রবার দিবাগত মধ্যরাতের, উপজেলার বাবুছড়া বাজার সংলগ্ন বাবুছড়া বাঙ্গালী শিবিরে।
নিহত মোর্শেদা বাবুছড়া ভূমিরক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী। রাত ১ টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা শিবিরে ঢুকে মালেকের বসত ঘরের বাঁশের বেড়ার পাশ থেকে ঘরের ভিতরে ব্রাশ ফায়ার করে।
মালেক (৫০) জানান, ঘটনার সময় তিনি দ্রুত খাট থেকে মাটিতে গড়িয়ে পড়ে প্রাণে বেঁচে গেলেও গুলিবিদ্ধ হন তার স্ত্রী। শিশু আহাদের মাথার একপাশ ঘেঁসে গুলি লাগাতে সে আহত হয়।
সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানিয়রা দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মোর্শেদাকে মৃত ঘোষনা করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
