বান্দরবানের বাকিছড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য (মেম্বার) গুলিবিদ্ধ হয়েছে। সোমবার’রাতে সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। রাতে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় ঘরের মধ্যে ঢুকে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্যকে গুলি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে পায়ের রানে গুলিবিদ্ধ হয় ইউপি মেম্বার চাইনা ছাহ্লা মারমা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ আহত অবস্থায় ইউপি সদস্যকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়, এ্যাম্বুলেন্সে চট্টগ্রামে নেয়ার পথেই মৃত্যু হয় তার।
কুহালং ইউনিয়ন চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, সন্ধ্যার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটেছে। পায়ের উপরের অংশে রানের মধ্যে গুলি লাগায় বেচেঁ গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হচ্ছিলো, কিন্তু নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। অস্ত্রধারী সন্ত্রাসীরা কারা বলতে পারছি না।
এদিকে শনিবার গভীররাতেও রাজবিলা ইউনিয়নের বাঘমারা নিচের পাড়ায় গুলি বর্ষণের ঘটনা ঘটে। আধিপাত্য বিস্তারের দ্বন্দে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপের ১৫/২০ সদস্য সশস্ত্র অবস্থানের খবর পেয়ে জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার সদস্যরা হামলা চালায়। স্থানীয়দের দাবী গভীররাতে ১০/১২ রাউন্ড গুলির শব্দ শোনতে পেয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীদের এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং গুরুতর অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে মারা যানতিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে বাঘমারায় গুলি বর্ষণের কোনো খবর পাইনি আমরা।
