পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও ১৯৯১ সাল থেকে অদ্যাবধি টানা নির্বাচিত বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈ সিং এর করোনা আক্রান্তের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওয়ালে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চীন সফরকালে দুইজনের তোলা একটি ছবি পোস্ট করে নব বিক্রম কিশোর ত্রিপুরা লিখেছেন-‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈ সিং, এমপি এর স্বাস্থ্য পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। পার্বত্য বীরের দ্রুত সুস্থতার জন্য পার্বত্যবাসী প্রার্থনা করছে। ঈশ্বরের কৃপায় এবং মানুষের ভালোবাসায় তিনি রোগমুক্ত হবেন এটাই তিন পার্বত্য জেলার জাতি,ধর্ম,সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের প্রত্যাশা ও প্রার্থনা।’
শনিবার রাতে পোস্ট করা স্ট্যাটাসটিতে রবিবার বিকাল ৫.২৭ মিনিট পর্যন্ত ১২০০+ রিয়েক্ট,২৮৯ কমেন্ট এবং ৬৫ টি শেয়ার দেখা গেছে। প্রায় সকলেই পার্বত্য চট্টগ্রামের অন্যতম এই নেতার রোগমুক্তি কামনা করেছেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর বাহাদুর গত শনিবার বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত ৯ জনের একজন হিসেবে আক্রান্তের তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন অফিস। রবিবার সকালে তাকে জরুরী চিকিৎসা সেবা দিতে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
