পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র করোনা শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রোগমুক্তি চেয়ে সদ্য এমপিও ভূক্ত হওয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসায় সামাজিক দূরত্ব বজায় রেখে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
রবিবার (০৭ জুন) সকাল ৮টার সময় খতমে কোরআন শেষে মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা নুরুল হাকিম।
তিনি বলেন, মাননীয় পার্বত্যমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে পার্বত্যমন্ত্রীর রোগমুক্তি কামনা করে খতমে কোরআন ও মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ, মাষ্টার মহিউদ্দিন, মাওলানা আব্দুল গফুর সহ অন্যান্য শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’র সুস্থতা কামনা করে দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ০৬ জুন বিকালে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় পার্বত্যমন্ত্রীর করোনা শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য ৭ জুন সকালে তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
