বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে জাহিদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে শিশুসহ আইসোলেশনে নতুন আরও ৪ জন ভর্তি হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশ পাড়ার এক বাসিন্দার করোনা উপসর্গ নিয়ে বান্দরবান সদর হাসপাতালে আনার পর মারা গেছেন। নিহতের নাম জাহিদুল ইসলাম। নিহত ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর, কাশি, গলা ব্যাথা, ডায়রিয়া বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে আনা হলে তার মৃত্যৃ হয়। পরীক্ষার জন্য নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন শিশুসহ নতুন আরও ৪ জন। এদের মধ্যে রাজবিলা ইউনিয়নের শিশুসহ একি পরিবারের ৩ জন এবং অন্যজন দেশের উত্তর অঞ্চলের কর্মস্থল থেকে বান্দরবান ফিরেছেন। ইতোমধ্যে জেলার বাহিরে তাদের আত্মীয় স্বজনরা করোনা রোগে আক্রান্ত হয়ে মারাগেছেন বলে খবর পাওয়া গেছে। জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১৭ জনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালে মেডিক্যাল অফিসার ডা: মো: জসীম উদ্দিন বলেন, সদর হাসপাতালে আনার সময় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে আইসোলেশনে শিশুসহ ৪ জন রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবারই উপসর্গ রয়েছে।
