মহালছড়িতে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। ৯ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি স্টিভেন শর্টগান ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রাদিসহ সুপায়ন চাকমা (৩৫) কে তার বাড়ি থেকে আটক করা হয়।
সেনাসূত্রে প্রাপ্ত তথ্যমতে, আটক সুপায়ন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর সক্রিয় সদস্য এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ’র সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে।
আটক সুপায়ন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আটক সুপায়ন চাকমার বিষয়ে ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগ প্রধান নিরন চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটক সুপায়ন চাকমা একজন সাধারণ কাঠ ব্যবসায়ী। তিনি কোনো কালেই ইউপিডিএফ কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না। ইউপিডিএফ’র ভাবমূর্তি নষ্ট করতে এ নাটক সাজানো হয়েছে।