বান্দরবানের রুমায় রিজুক পাড়া প্রধান পুচেনু মারমা কার্বারীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এদিকে সাতদিন আগে অপহৃত দুই ইঞ্জিন বোট নৌকা চালকের সন্ধানে যাওয়া গ্রামবাসীদের টার্গেট করে গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। আতঙ্কে লাফিয়ে পড়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে গ্রামবাসীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের রিজুক পাড়া থেকে বোমাং সার্কেলের পাড়া প্রধান (কার্বারী) পুচেনু মারমা’কে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।
অপরদিকে সাতদিন ধরে নিখোঁজ দুই ইঞ্জিন বোট নৌকা চালক থুইনুমং মারমা এবং সহকারী চালক অংথুইচিং মারমা দুজনের সন্ধানে যাওয়া গ্রামবাসীদের টার্গেট করে গুলি বর্ষণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে লাফিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং স্থানীয়রা অপহৃত নিখোজদের উদ্ধারে মাঠে নেমেছে।
পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা বলেন, গত বৃহস্পতিবার ইউনিয়নের তংবক পাড়া বাসিন্দার দুজন ইঞ্জিন বোট নৌকা চালক দুজনকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। তারপর থেকে সাতদিন ধরে তারা নিখোজ। বুধবার তাদের খোজতে গ্রামবাসীরা দুটি নৌকা নিয়ে পান্তলা, নাইতং পাড়া পাড়া এলাকায় পৌছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আতঙ্কে জীবন বাচাতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, ইঞ্জিন বোট নৌকা চালক দুজনের তথ্য আমরা পেয়েছি। থানায় দুটি জিডিও হয়েছে। কিন্তু পাড়া কার্বারীকে অপহরণের খবর পেলেও নিশ্চিত হওয়া যায়নি। আসলে তাকে অপহরণ করা হয়েছে, নাকি আত্মগোপনে আছেন। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো মুক্তিপণও দাবী করেনি। গুলি বর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
