কভিড-১৯ বা করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে শুরু করে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে ও মাইকিং করেছে যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা। শনিবার এবং রবিবার শহরের কে কে রায় সড়ক, রাঙামাটি জেনারেল হাসপাতাল, হাসপাতাল এলাকা, দক্ষিণ কালিন্দীপুর, পাবলিক হেলথসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিটের যুবপ্রধান রানা দে জানান, ইতোমধ্যেই জুড়াছড়ি ব্যতিত বাকি ০৯উপজেলায় যুব রেড ক্রিসেন্ট দল গঠন এবং প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরী করা হয়েছে। তারই ধারাবাহিকতায়, ০৯উপজেলায় করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতনতার কাজ করছেন।
রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, রাঙামাটি জেলা প্রশাসনের সহিত সমন্বয় করে পর্যায়ক্রমে শহরের অন্যান্য স্থানে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

