করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ রুখতে পৃথিবীজুড়ে চলছে লকডাউন। চলবে আরও বেশ কিছু দিন। বাধ্য হয়েই দিনভর, রাতভর আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। তাই কারও কারও বাড়িতে হচ্ছে ভুরিভোজও।
যেতে হচ্ছে না কর্মক্ষেত্রে, তাই কাউকে কাউকে দেখা যাচ্ছে, বাড়িতে মাছ, মাংসের নানা পদের রান্না করে খেতে। চিকিৎসকেরা বলছেন, এখন এই সব করলে চলবে না। বরং যতটা সম্ভব হাল্কা খাবারদাবার খেতে হবে। যাতে শরীর না গরমে হয়ে যায়।
চিকিৎসক সুমিত সেনগুপ্ত ও অরিন্দম বিশ্বাস জানাচ্ছেন, বাড়ির রান্নাবান্নায় এই সময় মশলাপাতির ব্যবহার যতটা কম করা যায়, ততই মঙ্গল। বরং এখন অনেক বেশি করে খেতে হবে শাকসব্জি। সালাদ। টক দই। কারণ, এই সবই শরীরকে ঠান্ডা রাখে। তবে ফ্রিজের পানি একেবারেই এড়িয়ে চলুন। তাতে হিতে বিপরীত হতে পারে।
অরিন্দমের কথায়, ‘‘খুব বেশি মাছ, মাংস খাবেন না। শরীর গরম করে এমন কিছু খাবেন না। প্রচুর জল খাবেন। শাকসব্জি বেশি খাবেন। ভাজাভুজি না খেয়ে সিদ্ধ করা সব্জি বেশি খান। ফ্রিজের জল খাবেন না।’’
সুমিত জানাচ্ছেন, এই সময় বেশি ক্ষণ খালি পেটে থাকাও উচিত নয়। তাই চার ঘণ্টা অন্তর কিছু না কিছু খাবেন। বারে বারে খাচ্ছেন বলে খাবেন হাল্কা খাবারাদাবারই। (সংবাদসূত্র : আনন্দবাজার)
