বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের বরইতলী এলাকা থেকে এক স্কুল ছাত্রীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোনারঘোনা থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। নিহত ছাত্রী ঘুমধুম সীমান্ত অঞ্চলের বাসিন্দার নুর আহাম্মদের কন্যা। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য বদিউল আলম জানান, এলাকাবাসীর সন্দেহে জড়িত থাকার অপরাধে রাসেল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। রোহিঙ্গা যুবকের পিতার নাম নুরুল ইসলাম। ধারনা করা হচ্ছে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ঘটনাটি ধামাচাপা দিতে ছাত্রীকে হত্যা করা হয়েছে।
ঘটনাটি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আটক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।