পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়ীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র সাংগঠনিক অর্থ যোগান দিতেই চাষাবাদ হয়, এমন ৭ বিঘা জমির একটি বিশাল গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত কলাবুনিয়া এলাকায় রোববার দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭ বিঘা জমির গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে। যার বাজার মুল্য আনুমানিক প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় গাঁজা চাষের সাথে জড়িত দুই সহোদরকে আটক করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর মহালছড়ির বিজিতলা সাব-জোন কমান্ডার মেজর আসিফ ইকবাল জানিয়েছেন, প্রত্যন্ত ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশিকালে বিশাল এ গাঁজার ক্ষেতটির সন্ধান পায় সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ তাদের সংগঠনের অর্থের যোগান দিতে দুই পাহাড়ের মাঝে উর্বর জমিতে ঘেরা দিয়ে সুকৌশলে এবং বিশেষ নিরাপত্তায় এ গাঁজার চাষ করা হচ্ছিল। পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে গাঁজার গাছগুলো উপড়িয়ে স্তুপ করে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। আটক দুই সহোদর অমর বিকাশ চাকমা (৩৫) ও টুলু চাকমাকে আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে হাজির করা হবে এবং নিয়মিত মামলা রুজু করা হবে।
