রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছে। শুক্রবার সকালে শহরের মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-তৌকি ওসমান,জাভেদ,আশরাফ,শিহাব মালেক,সাদেক আরেফিন,মোর্শেদুল আলম,সাইফুদ্দীন,ইসমাইল,শামসুল আলম, শাওন,রতন,সায়েদ,কামরুজ্জামান,রুবায়েত,আসিফ এবং ইদ্রিস বাদশা।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানিয়েছেন, শুক্রবার সকালে আমি রাঙামাটি থেকে বের হয়ে যাবার সময় এলাকায় পৌঁছালে দেখতে পাই বাসটি খুব ধীরগতিতে মানিকছড়ি পাহাড় উঠছিল, একটু পরেই সেটি দ্রুতগতিতে পেছনের দিকে নেমে যেতে থাকে, বিপদ বুঝতে পেরে মোটরসাইকেল থেকে নেমে যাই, কিন্তু ড্রাইভার দক্ষতার সাথে গাড়িটিকে বাম দিকে নিয়ে যাওয়ায় পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বাসটি রাস্তার ওপর পড়ে যায়। আমিসহ স্থানীয় লোকজন মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে অংশ নেয়।
গাড়ীতে থাকা ওমর ফারুক বলেন, আমার ধারণা বাসটির ফিটনেস ঠিক ছিলনা, সারা রাস্তায় খুবই বাজেভাবে এসেছিলাম, আর এই পাহাড় উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হলো।
গাড়িটি চট্টগ্রাম থেকে একটি মাদক নিরাময় কেন্দ্রের সাবেক রোগী, কর্মকর্তাসহ সারা দেশ থেকে ১০০ জন দুদিনের সম্মেলনে রাঙামাটিকে আসছিলেন। দুর্ঘটনা কবলিত বাসে অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা।
রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী জানিয়েছেন, মানিকছড়িতে সড়ক দুর্ঘটনার ১৬ জন আহত হয়ে হাসপাতালে আসে, তাদের প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত কোন রোগী ছিলোনা।
