রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকার সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়ছে এলাকার বাসিন্দারা। সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরে গাড়ি কিংবা পায়ে হেঁটে চলাচল করতে বেশ বেগ পেতে হয় স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাটি সংস্কার না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের এলাকার গুরুত্বপূর্ন এ সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরে আছে। আলম ডকইয়ার্ড এলাকায় রয়েছে স্কুল ও সকরারি বিভিন্ন গুরুত্বপূর্ন অফিসও। সড়কের অনেক জায়গা চলাচলের অনুপযোগী হয়ে ওঠেছে। এ সড়কে দিয়ে শুধু মাত্র এলাকার স্থানীয়রা চলাচল করে তেমনটা নয়। স্কুলের ছাত্রছাত্রীরা এ পথ দিয়েই স্কুলে যায়। পাশাপাশি সরকারি অফিসে জরুরি প্রয়োজনে অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করে। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবস্থান আলম ডকইয়ার্ড এলাকায়। এলাকার অনেকে অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই সড়কটি বেহাল দশায় পড়ে আছে।
এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু হেনা বলেন, এ সড়কের করুণ অবস্থা আপতদৃষ্টিতে মনে হয় যেন দেখার কেউ নাই। অনেক সমস্যা হয় এ সড়কে চলাচল করতে।
স্থানীয় এলাকাবাসী মো. সাঈফ বলেন, সড়কের বেহাল অবস্থাতে খুব ভোগান্তি পোহাতে হয় আমাদের। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা, তারপরও সংস্কারের তেমন কোনো উদ্যোগ দেখছি না।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও অত্র এলাকার কাউন্সিলর জামাল উদ্দিন বলেন, ‘আমরা সড়কটি মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্প অনুমোদন হলেই মেরামত করা হবে। আশাকরছি, খুব দ্রুতই সংস্কার কাজ শুরু করা যাবে।’
