২৫ দিন পর কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) গ্যাস সংযোগ পাওয়ার পর বৃহস্পতিবার থেকে পুনরায় কেপিএমে কাগজ উৎপাদন শুরু হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি কর্তৃপক্ষ গ্যাস পুনঃসংযোগ দেয়। এতে প্রায় ২৫ দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেললো কেপিএম কর্তৃপক্ষ।
কেপিএম সূত্রে জানা গেছে, বর্তমানে কেপিএমে স্থায়ী ৩০০ জন শ্রমিক, অস্থায়ী ৪০০ জন শ্রমিক, ৫০ জন স্থায়ী কর্মচারী, ৭৫ জন কর্মকর্তা রয়েছে। আসন্ন বই উৎসবকে সামনে রেখে এনসিটিবিসহ কারিগরি বিশ^বিদ্যালয়, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩ হাজার টন কাগজের বিক্রয় আদেশ রয়েছে। এসব চাহিদা মেটাতে কারখানাটিতে উৎপাদনের জন্য মজুদ রয়েছে ২ হাজার টন পাল্প। আরও ৩ হাজার টন পাল্প পাইপলাইনে রয়েছে। বন্ধ হওয়ার পূর্বে সর্বশেষ ২ আগস্ট কারখানাটির দৈনিক উৎপাদন ছিল ২৮ টন কাগজ।
কেপিএমের উৎপাদন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে কেপিএমে ৩ হাজার টন কাগজ উৎপাদন হয়েছিল। কিন্তু উৎপাদন ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় সর্বশেষ অর্থ বছরে উৎপাদন হয়েছে ৬ হাজার টন কাগজ। চলমান উৎপাদন (দৈনিক ২৫ থেকে ৩০ টন) ধরে রাখা গেলে চলতি অর্থ বছরে কেপিএমের উৎপাদন ১০ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কেপিএমে গত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকে। যাতে প্রায় সাত-আট কোটি টাকার ক্ষতি হয়েছে।
কেপিএম সূত্রে জানা গেছে, কর্ণফুলী গ্যাস সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস ট্রান্সমিশন মিটার স্টেশনের পার্টস বিকল হওয়ার বিষয়টি উত্থাপন করে গত ৪ আগস্ট থেকে কেপিএমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে সূত্রমতে, গ্যাস সরবরাহকারী সংস্থা কেপিএমের কাছে প্রায় ৮০ কোটি পাওনা রয়েছে এই অজুহাতে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্যাস বিচ্ছিন্ন হওয়ার পর থেকে কেপিএমের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কেপিএমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিবিএ যৌথ উদ্যোগে কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালান। অবশেষে বুধবার সম্মিলিত প্রচেষ্টা সফল হয় এবং কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
তবে বকেয়ার বিষয়ে সরাসরি কিছু না বললেও কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম কাদের বলেন, গ্যাস ট্রান্সমিশন মিটার স্টেশনের পার্টসের জন্য কেপিএম কর্তৃপক্ষ সাড়ে ছয় লাখ টাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দেওয়ার পর স্টেশনটি মেরামতের পর গত বুধবার গ্যাস সংযোগ পাওয়া গেছে। আজ(বৃহস্পতিবার) দুপুর থেকে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে। গত ২৫ দিনে আমাদের প্রায় ৭-৮ কোটি টাকা লোকসান হয়েছে। এনসিটিবিসহ কারিগরি বিশ^বিদ্যালয়, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যে অর্ডার রয়েছে সেটা যথাসম্ভব পূরণ করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
