খাগড়াছড়ির রামগড়ে শুক্রবার কোরবানির হাটে নেওয়ার পথে গরু ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। পরে গরু দুটিকেও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো পৌর এলাকার তৈচালা গ্রামের শামসুল হকের ছেলে মো. শামিম (১৮), চৌধুরী পাড়ার মুফতি মীর হোসেনের ছেলে শওকত হোসেন (১৭) ও মাষ্টার পাড়ার সাহাব উদ্দিনের ছেলে কামরুল হাসান(২২)।
গরুর মালিক অংথোয়াই মারমা ও মংপ্রু মারমা জানান, পাহাড়ি দুর্গম এলাকা অন্তুপাড়া থেকে দুটি বড় আকৃতির ষাঁড় নিয়ে শুক্রবার হাটবারে বাগান বাজার যাওয়ার পথে মহামুনি এলাকায় দশ/বারো জন সন্ত্রাসী গরুগুলো ছিনতাই করে নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান জানান, খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে পৌর সভার জগন্নাথ পাড়া এলাকা থেকে বিকালে গরুগুলো উদ্ধার করা হয়। সন্ধ্যায় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Previous Articleখাগড়াছড়িতে রিফ্রেসার্শ কোর্স
Next Article কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে অভিভাবক সমাবেশ
