বরকলে পানিতে ডুবে নিখোঁজ হবার ৩৫ ঘন্টা পরে নির্মাণ শ্রমিক শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় ডুবুরিরা ভুষণছড়া বাজারের পাশে নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করেছে। উদ্ধারের পর পুলিশ ও স্থানীয়রা স্বজনদের কাছে শহিদুল ইসলামের লাশ হস্তান্তর করেছেন।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান জানান-৩৫ ঘন্টার পর শনিবার সকাল ৮টার দিকে ডুবুরির মাধ্যমে শহিদুল ইসলামের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশটি তার গ্রামের বাড়ি লংগদুর হাজাছড়াতে নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরকল উপজেলার ভুষণছড়া বাজারের পাশে আকস্মিক ঝড়ো বাতাসে নৌকা উল্টে নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হয়। ৩৫ ঘন্টা পর শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।